সঞ্জিব দাস, ফরিদপৃর থেকে ঃ
দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে।
আজ শনিবার সকালে বিদ্যালয়ের শহর ক্যাম্পাসে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বেলুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জাম নূর।
এর আগে মন্ত্রীদ্বয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ১০ তলা বিশিষ্ট শতাব্দী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও গাছ রোপন করেন মন্ত্রীদ্বয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী সভাপতিত্বে এসময় সাবেক সচিব মো. হেমায়েত উদ্দিন তালুকদার, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিয়া লুৎফর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, শত বছরের এই প্রতিষ্ঠানটি অসংখ্য প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবি, রাজনৈতিক নেতা সহ সরকারী বেসরকারী কর্মকর্তা তৈরি করেছে। বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রনী ভুমিকা পালন করেছে।
সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জাম নুর বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এ জয়যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসা দরকার।
এর আগে সকালে শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন, শতবর্ষ স্মারকস্তম্ভ স্থাপন, বৃক্ষরোপণ বেলুন ও পায়রা উড়ানো হয়।
বিকেলে দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যাতে গান পরিবেশন করেন জেমস্ ও বিখ্যাত কন্ঠ শিল্পি মোনালী ঠাকুর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্নিমা।

