ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের ৬৪ জন পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের টেপাখোলা এলাকার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল হাসান।
সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(সার্বিক) রোকসানা রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো.ইমতিয়াজ হাসান রুবেল, তাসফিয়া তাসরীন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার প্রত্যেক শিশুর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। তারা শিশু সদনের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগ ও সহায়তাকে স্বাগত জানান।
শিক্ষা উপকরণ ও নতুন পোশাক প্রাপ্তদের ৩৬ জন প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ২৮ জন জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার্থী। এদের মধ্যে ৩৪ জন বালক ও ৩০ জন বালিকাদের মাঝে শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরন করা হয়।


