মেহের আমজাদ,মেহেরপুর-আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশের আরো উন্নয়ন হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা পেয়েছে।
কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাচ্ছে। তেলের জন্য কৃষককে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়না। রাত জেগে গ্রাম-গঞ্জ পাহারা করতে হয়না। গতকাল সোমবার রাতে নিজ বাসভবনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে কথাগুলো বলেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি আরো বলেন- নির্বাচিত হওয়ার পর ৪ বছর ১০ মাসে তিনি মেহেরপুরের ভৈরব নদ খনন করেছেন। অর্ধশতাধিক স্কুল-কলেজ ও মাদ্রাসায় কোটি কোটি টাকা ব্যয়ে বিল্ডিং করে দিয়েছেন। মেহেরপুরের চাঁদবিল-কোলার মোড় থেকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার পর্যন্ত বাইপার্স সড়ক করে দিয়েছেন। এছাড়া মেহেরপুরের প্রধান প্রধান রাস্তা প্রশস্তকরণসহ সংস্কার করেছেন। শুধু বিদ্যুতের ঘাটতি পূরণই নয়; সামান্য ঝড়-বৃষ্টিতে যাতে মেহেরপুর বিদ্যুৎ বিচ্ছিন্ন না থাকে তার জন্য চুয়াডাঙ্গা-মেহেরপুর বিদ্যুৎ সঞ্চালন লাইনের নতুন টেন্ডার করিয়েছেন। তিনি আরো বলেন- মুজিবনগর কমপ্লেক্সের উন্নয়নের জন্য ইতোমধ্যে ৫শ’ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেখানে একটি স্টেডিয়াম, একটি শিশু পার্ক করা হবে। তিনি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশের উন্নয়ন-অগ্রগতি এবং তার আমলে মেহেরপুরের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনগনের কাছে আহŸান জানান। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আমাম হোসেন মিলু, প্রেসক্লারের সভাপতি আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্য ও কামারুজ্জামান খান প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

