গুজবের বলি বাবা, ২৫ মাসেই এতিম ছোট্ট মুসলিমা—কাঁদছে পুরো গ্রাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৪, ২০২৬

গুজবের বলি বাবা, ২৫ মাসেই এতিম ছোট্ট মুসলিমা—কাঁদছে পুরো গ্রাম

 

গুজবের বলি বাবা, ২৫ মাসেই এতিম ছোট্ট মুসলিমা—কাঁদছে পুরো গ্রাম
গুজবের বলি বাবা, ২৫ মাসেই এতিম ছোট্ট মুসলিমা—কাঁদছে পুরো গ্রাম


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

গুজব ছড়িয়ে জনতার পিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের ২৫ মাস বয়সী কন্যা মুসলিমা ইসলাম এখন পুরোপুরি এতিম। জন্মের মাত্র ২১ দিনের মাথায় মা ছেড়ে চলে যান, আর দুই বছর না পেরোতেই হারালেন বাবাকেও। ফলে অসহায় এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তার বৃদ্ধ দাদা-দাদী।


শনিবার (২ মে) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে নিহত হান্নান শেখের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। স্বজনদের কান্নার মাঝেই কিছু না বুঝে কখনো দাদীর কোলে, কখনো অন্যের কোলে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট মুসলিমা। কখনো ফিডারে দুধ খাচ্ছে, আবার হঠাৎ কান্নায় ভেঙে পড়ছে সে।


পরিবার সূত্রে জানা যায়, মুসলিমার জন্মের ২১ দিন পরই তার মা আরিফা বেগম স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে দাদা শাহিদ শেখ ও দাদী নার্গিস বেগমই শিশুটিকে লালন-পালন করে আসছিলেন।


নিহতের মা নার্গিস বেগম বলেন, “মা জন্মের কিছুদিন পরই চলে গেছে, এখন বাবাও নেই। আমার নাতনিটা একেবারে অসহায় হয়ে গেল। আমি মরে গেলে ওর কী হবে?”


নিহতের বাবা শাহিদ শেখ বলেন, “আমার ছেলে ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। কোনো ভুল করে থাকলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন এই শিশুর ভবিষ্যৎ কে দেখবে?”


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়—এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে “ট্রাকটি বহু মানুষকে চাপা দিয়েছে” এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়।


একপর্যায়ে চালক হান্নান শেখকে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ট্রাকের দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।


পরিবারের দাবি, গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে হান্নানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একাংশ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ তুললেও, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।


সবচেয়ে করুণ পরিস্থিতিতে পড়েছে ছোট্ট মুসলিমা। মা-বাবাহীন এই শিশুটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বৃদ্ধ দাদা-দাদীর পক্ষে কতদিন তার দায়িত্ব বহন করা সম্ভব, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।


নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here