![]() |
| পতেঙ্গায় ২৬ লক্ষ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারী আটক |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আনা প্রায় ২৬ লক্ষ টাকার বার্মিজ পণ্যসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে (রাত ৩টার দিকে) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আনা প্রায় ১২,৫০০ প্যাকেট বিদেশি সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়ি ও অন্যান্য পণ্যসহ পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত ৬ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, জব্দকৃত পণ্য, আটক ব্যক্তিরা এবং বোট আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

