
জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা: পলাতক ২০ আসামি গ্রেপ্তার
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে এ পর্যন্ত ২০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর র্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি গত ২২ জানুয়ারি দায়ের করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ধারাবাহিক অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ (৩৫), চট্টগ্রামের পাহাড়তলী থেকে বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলাম (২৬) গ্রেপ্তার হন।
এর আগে ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকা থেকে সেকেন্দার মিয়া (৪৩) গ্রেপ্তার করা হয়। এছাড়া জানুয়ারি মাসে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯), আলীরাজ হাসান (২৮), মিজান (৫৩), মামুন (৩৮), শহাজাহান (৫৩) ও শফিকুল ইসলাম (৫১)সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
