মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের রূপনগর এলাকা থেকে ট্রাকভর্তি অবৈধ চিড়াই কাঠসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এদের কাঠসহ আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী ও বন বিভাগ সূত্র জানিয়েছে।নিরাপত্তা বাহিনী ও বন বিভাগ সূত্রমতে জানা গেছে , গাড়ির ড্রাইভার পালিয়ে গেলেও ২জন হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকার বাসিন্দা মো. আব্দুস সাত্তারের ছেলে মো. সিরাজ (২২) এবং একই এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. আব্দুল আজিজ (১৭)।
এ বিষয়ে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মাহবুবুর আলম জানান, ট্রাকভর্তি প্রায় ৫০০ ফুট সেগুন ও গুদা কাঠ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

