মেহের আমজাদ, মেহেরপুর//
১৯৭১ সালে যাদের বয়স ৫ এর অধিক দেশে এমন মানুষ বেঁচে আছেন ৮৫ লাখের মত। আর যাদের স্মৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস এখনও জ্বল জ্বল করছে সম্ভবত এমন মানুষের সংখ্যা হবে ৪৫ লাখের মত। এসব প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনতে চান ‘যুক্ত’ নামের একটি সংগঠন। একাত্তরের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের যুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতা অনুসন্ধান ও লিপিবদ্ধ করে ধারাবাহিক প্রকাশনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চান তারা। গল্পগুলো তাদের কাছ থেকে শুনে প্রকাশ করতে চান “জনগল্প-৭১’ নামের বইতে। ইতোমধ্যে জনগল্প-৭১ নামের একটি বই প্রকাশ করেছে সংগঠনটি। ২৬ মার্চ উপলক্ষে বইটি প্রকাশ করায় সেখানে গল্প রয়েছে ২৬ টি।
গতকাল শনিবার দুপুরে ‘যুক্ত’র ঐ দলটি গতকাল মেহেরপুরের বিভিন্ন সংগঠন ও লেখকসহ নানা শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। দলটির নেতৃত্বে আছেন যুক্তর প্রতিষ্ঠাতা ও জনগল্প-১ এর সম্পাদক নিশাত জাহান রানা। সাথে ছিলেন সংগঠনটির সদস্য ঊর্মি লোহানি, আনাম জোয়ার্দ্দার, সংগঠনটির সদস্য সাংবাদিক মরিয়ম শেলী ও শেখ ফিরোজ আহেম্মদ।
প্রথম সভাটি অনুষ্ঠিত হয় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল হল রুমে। সেখানে অংশ নেন লেখক, সাংবাদিক, গবেষক, সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ নানা শেণি পেশার মানুষ। সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ডঃ গাজী রহমান।
নিশাত জাহান রানা বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের কাহীনি সংগ্রহ করছি না। চায় ঐ সময়ে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করেছেন, পাক বাহীনির নির্যাতনের চিত্রটা কেমন ছিলো, সাধারণ মানুষ কতটা অসহায় ছিলো। যারা লিখতে পারবেন তারা লিখবেন আর না পারলে তাদের কথাগুলো অডিও করে পাঠাতে পারলে তাদের গল্পগুলো ‘জনগল্প-৭১, বইয়ে লিপিবদ্দ করা হবে।

