
আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের নতুন সভাপতি শরিফুল, সম্পাদক হাদী জসিম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা শরিফুল ইসলাম জুয়েলকে সভাপতি এবং মো. হাদী জসিমউদদীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির মেয়াদ দুই বছর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাড়াগ্রাম ইউসুফের বাগ মাদ্রাসায় আয়োজিত প্রতিনিধি সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান উপস্থিত থেকে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেন এবং নবনির্বাচিত দুই নেতাকে দলীয় দায়িত্ব গ্রহণের শপথবাক্য পাঠ করান।
এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
