
আনোয়ারায় ধারাবাহিক অভিযানে সক্রিয় এসিল্যান্ড আবু জাফর
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যোগদানের পর থেকেই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। মাদকবিরোধী অভিযানসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
সর্বশেষ আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি খাসজমি দখল করে নির্মিত দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই অভিযানে সৈকত এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারকি সমুদ্র সৈকত এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দখল করে বিভিন্ন দোকান ও স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সরকারি জমিতে নির্মিত স্থাপনার সংশ্লিষ্টদের সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য সতর্ক করা হয়।
প্রশাসনের নির্দেশনা অমান্য করে এসব স্থাপনা বহাল রাখা হলে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, আনোয়ারায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় স্থানীয় পর্যায়ে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদক, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
