ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছে। শহর থেকে গ্রাম সব পর্যায়ে সুষম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ভাষানচর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বারী চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, অনিমেষ রায়, আক্কাস হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
পরে বিকেলে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত করার কথা।
