![]() |
| প্রতিকী ছবি |
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফরিদপুর :
ফরিদপুরে
ঝর্ণা মন্ডল (৪২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্বরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল চারটার দিকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে
পুলিশ।
নিহত ঝর্ণা ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের দুলাল মন্ডলের (৪৮) স্ত্রী। ঝর্ণা মন্ডল এক ছেলে ও এক মেয়ের মা।
এলাকাবাসী জানায় বেলা আড়াইটার দিকে আশপাশের লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় বাড়িতে কেউ ছিল না।
ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, দিনের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, ঝর্ণা মন্ডলের স্বামী দুলাল মন্ডল রাজমিস্ত্রির কাজ করেন। তার ছেলে কৃষ্ণ মন্ডলও (১৯) পড়াশুনার পাশাপাশি বাবার সাথে রাজ মিস্ত্রির কাজ করে। মঙ্গলবার সকালে দুলাল ও তার ছেলে কৃষ্ণ কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে যান। ঝর্ণার মেয়ে বন্যা (১৭) পূজার আগে থেকেই মামার বাড়িতে অবস্থান করছিল। তাই ওই সময় বাড়িতে ঝর্ণা একাই ছিলেন। নদী ভাঙ্গনের শিকার হয়ে এই পরিবারের সদস্যরা পশ্চিম গঙ্গাবর্দী এলাকার ওই জায়গায় জমি কিনে বসবাস করছিলেন। কারো সাথে ওই পরিবারের কোনো কোন্দল ছিল না বলেই জানান স্থানীয়রা।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ পুলিশের উর্ধতন ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ঘরের কোনো মালামাল খোয়া যায়নি। এতে ধারনা করা যায় যে হত্যাকারীরা তাকে হত্যা করতেই এসেছিল। ঝর্ণা মন্ডলের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান ওই কর্মকর্তা।

