*জাপান থেকে আসছে আরো পৌনে ৮ লাখ টিকা
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে চতুর্থ চালানে আরো ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে। টিকা বহকারী একটি ফ্লাইট শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
*দেশে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ হাজার, কমেছে শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।
*আজকেও ২২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।
শুক্রবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২১ জন ভর্তিসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৯০ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৪ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬ জন।
*রাজধানীর হোসেনি দালানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল
পবিত্র মহররম উপলক্ষে রাজধানীর হোসেনি দালানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে অন্যান্যবারের মতো এবার হোসেনি দালানের বাইরে জাকজমকপূর্ণভাবে তাজিয়া মিছিল বের হয়নি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোসেনি দালানের ভেতর তাজিয়া মিছিল বের করা হয়। এর মধ্য দিয়ে কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি স্মরণ করা হয়েছে।
এবার পবিত্র মহররম কীভাবে পালন করা হবে, সে বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির কারণে এবারও স্বাস্থ্যবিধি মেন চলাসহ বেশকিছু নির্দেশনা দেওয়া হয়।
ওই নির্দেশনা মেনেই সকাল ৮টার পর থেকে রাজধানীর হোসেনি দালান ও এর আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। তাদের বৃহৎ ধর্মীয় উৎসবে সুন্নী মুসলমানদের পাশাপাশি যোগ দেন ভিন্ন ধর্মালম্বীরাও।
*টাঙ্গাইলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া, বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রাতে তিনজন মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
*মধ্যরাতে প্রতিবেশী শুনলো ‘ও মা’ ডাক, প্রবাসীর বন্ধ ফ্ল্যাটে রক্তের স্রোত
রাত তখন প্রায় দেড়টা। ভবনের ষষ্ঠতলা থেকে ভেসে আসছিল এক ধরনের আওয়াজ। তবে ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ। আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় পঞ্চমতলায় ফ্ল্যাটে থাকা স্বামী-স্ত্রীর। কিছু হচ্ছে আঁচ করতে পেরে বেরিয়ে পড়েন তারা। হঠাৎ শব্দ এলো ‘ও মাৃ. বলে কেউ ডাকছে’। এরপরই সব নিশ্চুপ হয়ে যায়। একটু পর সেই ফ্ল্যাটের দরজা খুলে নিচে নামতে থাকেন এক নারী। সঙ্গে ছিল দুই শিশু সন্তানও। পুরো ঘটনা প্রায় এক ঘণ্টার।
ফেনীর সুফি সদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ম্যানসন ভবনটির ষষ্ঠতলার ফ্যাট থেকে দুবাই প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনা এভাবেই বর্ণনা দিচ্ছিলেন এক প্রতিবেশী নারী।
*মদ ভেবে এসিড খেলেন নিরাপত্তাকর্মী, হারালেন প্রাণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় মদ ভেবে এসিড খেয়ে দহরঞ্জন ত্রিপুরা নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে, সকালে উপজেলার এসআরএস শিপ বেকার্স নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
মৃত দহরঞ্জন কারখানাটির নিরপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় অসুস্থ ধনেশ্বর ত্রিপুরা নামে আরো এক নিরপত্তাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।
*ছয় সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে, দেড় বছর পর বৃদ্ধাশ্রমে হত্যা
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের আটিয়া বৃদ্ধাশ্রমে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. আফাজ উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। আফাজ উপজেলার এলাসিন ইউনিয়নের এলাসিন গ্রামের রজব আলীর ছেলে।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে বানিছ মিয়ার স্ত্রী ছয় সন্তানের জননী ৫৫ বছরের ভানু বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন আফাজ উদ্দিন। পরে স্বামী-স্ত্রী আটিয়া বৃদ্ধাশ্রমে কেয়ারটেকারের কাজ নেন।
**পিয়াসা-মৌ ইস্যুতে চাঁদাবাজি, রিমান্ড শেষে দুজন কারাগারে
মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌয়ের ইস্যুকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের মামলায় গ্রেফতার দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিরা হচ্ছেন-কাজী আল জাহিদ ও সাইদ আব্দুস সানি।
*দরিদ্র খামারির ১৩ ভেড়ার মৃত্যু, পাশে দাঁড়ালো পুলিশ
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সুন্দরপুর দূর্গাপুর ইউপির কমলাপুর গ্রামের মো. আফজাল হোসেনের খামারের ১৩টি ভেড়া কৃমিনাশক ওষুধ সেবনের পর মারা গেছে।
আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির আয়ের একমাত্র উৎস ছিলো এই ভেড়ার খামারটি। নিজ সন্তানের মতোই তারা দেখাশুনা করে বড় করে আসছিলেন বিদেশি জাতের ২৯ টি ভেড়া। খামারটি ছিলো হত দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রাণিসম্পদ অধিদফতর থেকে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভেড়াগুলো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ টি ভেড়ার মধ্য থেকে একে একে ১৩ টি ভেড়া মারা যায়।
