জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় বালু তুলতে গিয়ে পাহাড়ের মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকার পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল খালেক পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের ড্রেজার দিয়ে বালু তোলার কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন আব্দুল খালেক। প্রতিদিনের মতো তেলখোলা এলাকায় বনবিভাগের জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় মাটিচাপা পড়ে মারা যান আব্দুল খালেক।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, পাহাড়ের মাটিচাপা পড়ে এক যুবকের মৃত্যু ঘটনা শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

