সঞ্জিব দাস, ফরিদপুর :
জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” পেল টেকনো মিডিয়া লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথের হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুরস্কার হিসেবে হাতে স্বর্ণখচিত ক্রেস্ট, টাকা ও সম্মাননা পত্র তুলে দেয়া হয় এসময়।
এবছর ছয় ক্যাটেগরিতে মোট ১২ টি প্রতিষ্ঠানকে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” প্রদান করলো শিল্প মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড (এফবিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর চেয়্যারম্যান এসএম নুরুল আলম রেজভী এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। রাষ্ট্রপতি নিজ আসনে বসে তা অবলোকন করেন।
টেকনো মিডিয়া লিমিটেডকে এমন সম্মানে ভূষিত করায় শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বেসরকারি খাতের প্রতি সরকারের ধারাবাহিক পৃষ্ঠপোষকতার এক উজ্জল দৃষ্টান্ত। এ স্বীকৃতি উদ্ভাবনি ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের অন্যতম সহযোগি হিসেবে কাজ করতে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
টেকনো মিডিয়া লিমিটেড সারাদেশে এটিএম বুথ, নোট সর্টিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যারসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। দেশের এটিএম সেবার ৭০ শতাংশই প্রদান করে থাকে টেকনো মিডিয়া।

