![]() |
| ফেসবুকে ‘১৩ তারিখে সবাই ঢাকা যাব’ পোস্ট করে গ্রেপ্তার আ.লীগ নেতা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় ফেসবুকে আগামী ১৩ নভেম্বর ঢাকায় যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মতিন মোল্যা (৩৫)। তিনি সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও তৈয়বুর রহমানের ছেলে। বর্তমানে তিনি টগরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া এক মামলায় আদালতের মাধ্যমে মতিন মোল্যাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় বিভিন্ন গুজব, বিশৃঙ্খলার আশঙ্কা ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ছে অনলাইনে।
এই প্রেক্ষাপটে মতিন মোল্যা তার ফেসবুক আইডি থেকে লেখেন— “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।” পোস্টটির সঙ্গে একটি ছবিও যুক্ত ছিল, যেখানে মতিনসহ আরও ১৬ জনের মুখ দেখা যায়। পোস্টটি দ্রুত ভাইরাল হলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, মতিন মোল্যাকে গত ১৮ জানুয়ারি দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন স্থানীয় বিএনপি সমর্থক লাভলু সর্দার, যিনি আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা। মামলায় ১৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।
ফেসবুকে দেওয়া ওই ছবিতে আরও দেখা যায় টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির এবং ইউপি সদস্য সুলতান মাহমুদ।
যোগাযোগ করা হলে ইউপি সদস্য সুলতান মাহমুদ বলেন, “ছবিটি তিন-চার বছর আগে তোলা। বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কারণে মতিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

