![]() |
| মিরসরাইয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, নারী-শিশুসহ মারধর |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার মোহাম্মদ হানিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসজ্জিত ডাকাতদল ঘরে ঢুকে হানিফসহ পরিবারকে জিম্মি করে। প্রথমে হানিফকে গামছা দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে ডাকাতরা। এরপর ঘরের অন্যান্য সদস্যদের ওপর চড়াও হয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।
ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদ হানিফ বলেন, “রাতে বাইরে শব্দ পেয়ে লাইট জ্বালাই। দেখি রড দিয়ে দরজার তালা ভাঙছে কয়েকজন। আমরা চিৎকার করার আগেই মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে আমাকে রড দিয়ে আঘাত করে এবং পুরো পরিবারকে জিম্মি করে ফেলে।”
তিনি আরও জানান, স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে আলমিরার চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। শিশু সন্তানকে হত্যা করার হুমকি দেয়। ঘরে ঢোকা প্রায় ছয়জন ডাকাতের পাশাপাশি বাইরে আরও কয়েকজন পাহারা দিচ্ছিল বলে তিনি জানান।
ডাকাতদল ঘর থেকে আনুমানিক ৬ ভরি স্বর্ণ, ১৫ হাজার টাকা নগদ, এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ডাকাতির বিষয়টি এখনো জানতাম না। তবে সঙ্গে সঙ্গেই পুলিশের টিম পাঠানো হচ্ছে। খইয়াছড়া এলাকায় অতিরিক্ত পুলিশি টহলও রাখা হয়েছে।”

