
চট্টগ্রামে ট্যাংক লরিসহ বিপুল জ্বালানি তেল জব্দ
মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল ও ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস তাজউদ্দীনের সিগন্যাল কমিউনিকেশন অফিসার লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পতেঙ্গা থানার ভিআইপি রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, সুইমিংপুলের মতো বড় চৌবাচ্চা তৈরি করে তাতে জেট ফুয়েল মজুদ রাখা হয়েছে। পাশেই সারিবদ্ধভাবে রাখা ছিল ডিজেল ও অকটেনভর্তি ড্রাম।
অভিযান চলাকালে একটি ট্যাংক লরি থেকে জেট ফুয়েল নামানো হচ্ছিল। এ সময় ট্যাংক লরিটিও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম জানান, অভিযানে ওই স্থান থেকে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে।
এদিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন মধ্যরাতে ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাতের উদ্দেশ্যে রাখা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, দুটি অভিযানের সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জ্বালানি ও ভোজ্যতেল চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
