আলফাডাঙ্গায় কোরবানির চামড়া সংরক্ষণে ১৭ টন লবণ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৩, ২০২৬

আলফাডাঙ্গায় কোরবানির চামড়া সংরক্ষণে ১৭ টন লবণ বিতরণ

আলফাডাঙ্গায় কোরবানির চামড়া সংরক্ষণে ১৭ টন লবণ বিতরণ
আলফাডাঙ্গায় কোরবানির চামড়া সংরক্ষণে ১৭ টন লবণ বিতরণ

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩৫টি মাদরাসা ও এতিমখানার মাঝে ১৭ টন লবণ বিতরণ করা হয়েছে।


শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর উপস্থিতিতে এ লবণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানার পরিচালকরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন ৩৫টি মাদরাসা ও এতিমখানায় মোট ১৭ হাজার কেজি বা ১৭ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে ঈদুল আজহার সময় কোরবানির চামড়া সংরক্ষণে সম্ভাব্য জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং নষ্ট না হয়, সে লক্ষ্যেই বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, “ঈদের পরপরই চামড়া ঢাকায় পাঠানোর পরিবর্তে ৭ থেকে ১০ দিন সংরক্ষণ করা সম্ভব হবে। এতে চামড়ার মান ঠিক থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে।”

Post Top Ad

Responsive Ads Here