বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৩, ২০২৬

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব রাজনৈতিক দল। দলটি সবসময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। তবে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ করে দিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নানা ধরনের নির্যাতন ও বাধার মুখে পড়েছেন। কেউ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ আহত বা নিহত হয়েছেন। সেই সব সাহসী সাংবাদিকদের অবদানের কথা জাতি স্মরণ রাখবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও ঝুঁকি উপেক্ষা করে দেশের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। তাদের সংবাদ পরিবেশনের কারণেই সাধারণ মানুষ বিভিন্ন নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানতে পেরেছে।


সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির অপব্যবহার করে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল সংবাদ প্রচারের ঘটনা ঘটছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।


এর আগে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।


সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ব্যবসায়ী আতাউর রহমান, হাসান আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



Post Top Ad

Responsive Ads Here