চরফ্যাশনে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৯, ২০২৬

চরফ্যাশনে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

চরফ্যাশনে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’
চরফ্যাশনে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

 


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশন উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।


এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।


মেলার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে।


তিনি আরও বলেন, এসব ডিজিটাল সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। ভূমিসেবা মেলার মাধ্যমে মানুষ হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।


মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়েছে।


এসব স্টলে নাগরিকদের জন্য অনলাইন পোর্টালে নিবন্ধন সহায়তা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।


মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, “ভূমিসেবা মেলা ২০২৬ চরফ্যাশনে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা আরও বাড়াবে এবং অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে গতিশীল করবে।”



Post Top Ad

Responsive Ads Here