![]() |
| রামিসা হত্যার বিচার দাবিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে আলফাডাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বাজারের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর এবং দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর চালানো বর্বরতা মানবতাকে কলঙ্কিত করেছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ।

