মইনুল ইসলাম, গাজীপুর : গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশা লুট ও চালককে খুনের মামলায়
একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামিকে
খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে গাজীপুর জেলা ও
দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মো.
নাইম ওরফে মহিউদ্দিন নাইম (২৭)। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া
অপর একটি ধারায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাইমের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের
চতর (এটিআই গেট) এলাকায়। বাবার নাম মো. আবদুল গফুর।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন মো.
হাসান ইমাম ওরফে রাব্বী (২৪), মো. জহিরুল ইসলাম ওরফে ফরহাদ (২৩) ও মো. রায়হান উদ্দিন
ওরফে নীরব (২১)।
গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি
(পিপি) হারিছ উদ্দিন আহম্মদ জানান, স্থানীয় চুন্নু মোল্লার ছেলে মো.
জুলহাস মোল্লা এলাকায় অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার
দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। ওই দিন সন্ধ্যায় গাজীপুর
সিটি করপোরেশনের হাতিয়াব নোয়াইলের টেক এলাকার গজারিবনে জুলহাসের গলাকাটা লাশ পাওয়া
যায়। তবে তাঁর অটোরিকশা ও মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ লাশটি উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরের দিন চুন্নু মোল্লা বাদী হয়ে
জয়দেবপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার
সিআইডিতে স্থানান্তরিত হয়। সিআইডির পরিদর্শক খোন্দকার জাহাঙ্গীর কবীর দীর্ঘ তদন্ত
শেষে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাতজনের সাক্ষ্য
নিয়ে আজ রায় দেন আদালত।

