
মুসলিম নির্যাতন ও হারাম মাংস আমদানির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, সরকারি দলের এক সংসদ সদস্যের যাকাত নিয়ে মন্তব্য এবং বিদেশ থেকে হারাম মাংস আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) স্থানীয় ওলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার যৌথ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কওমি উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ।
সভায় বক্তব্য দেন উপজেলা কওমি উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল্লাহ, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে যাকাত নিয়ে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির মন্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান।
এছাড়া বিদেশ থেকে হারাম মাংস আমদানির যেকোনো প্রক্রিয়া বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী বিধান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান।
