খেলাধুলা ডেস্কঃ
আজ সেঞ্চুরির পোড় খোঁচাটা শুধু তার আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবকে দিয়েছেন এমনটা নয়; গেইল খোঁচাটা মেরেছেন আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত সেঞ্চুরির পর প্রতিক্রিয়ায় ক্যারিবিয়ান দানব বলেছেন, ‘অনেক লোক আছে যারা আমাকে এখন বুড়ো ভাবে।’ এই বক্তব্যে গেইল কী বোঝাতে চাইলেন, সেটা অনুধাবন করতে আইপিএলের চলতি আসরের একটু আগে ফিরে যেতে হবে।
গত বিপিএলে তিনি ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। কিন্তু এই ক্রিস গেইলকেই আইপিএলে কোনো দল কিনতে চায়নি! নিলামে তৃতীয় ডাকে গেইলকে দলে ভেড়ায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। তারপর শুরু হয় আরেক নাটক। প্রথম দুই ম্যাচে একাদশেই রাখা হয়নি টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’কে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে বিধ্বংসী হাফ সেঞ্চুরি করেন। এরপর আজ তার ব্যাটেই চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল।
