মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন (৩৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তিনি শহরের বোসপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক মাস ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুনের ভাই এবং মৃত আব্দুল খালেকের ছেলে। এ দিন শুক্রবার বাদ আছর মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মেহেরপুর কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে যুবলীগ নেতা মোহনের দাফন সম্পন্ন হয়। জানাযায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম,প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, মরহুম মালেক হোসেন মোহনের মেঝ ভাই ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন ও তার আত্মীয় স্বজন,মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের নেতা-কর্মি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। এদিকে তার মৃত্যুতে জেলা যুবলীগের পক্ষ থেকে দুই দিনের সাংগঠনিক শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

