মেহের আমজাদ,মেহেরপুর-‘শতবর্ষে রোভার, সুনাগরিক প্রতিদিন’ শীর্ষক শ্লোগানে মেহেরপুর থেকে ৫ রোভার সদস্য সাইকেল ভ্রমনে যাত্রা শুরু করেছে।
গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে প্রধান কার্যালয়ের উদ্দ্যেশে তারা রওয়ানা হয়েছে। এসময় রোভার স্কাউটের জেলা কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ ওই যাত্রার উদ্বোধন করেন। সাইকেল ভ্রমনে যারা অংশ নিয়েছেন তারা হলেন- মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অনিক হোসেন,এবিএম শরিফুজ্জামান,মেহেরপুর পৌর কলেজের জীবন হোসেন, জাহিদ আলী ও মাসুদুর রহমান।
মেহেরপুর থেকে ভ্রমনকারীরা সাইকেল যোগে প্রথমে চুয়াডাঙ্গায় পৌঁছাবে এবং সেখানে চুয়াডাঙ্গা জেলা থেকে ৫ রোভার সদস্য তাদের সাথে সাইকেল ভ্রমেন যোগ দেবে। তারা সন্ধ্যার মধ্যে ঝিনাইদহে পৌঁছাবে। সেখানে আশেপাশের বিভিন্ন জেলার রোভার সদস্যরা একত্রিত হয়ে রাত্রীযাপন করবেন। এভাবে তারা ৯ নভেম্বর ঢাকার প্রধান কার্যালয়ে পৌছাবেন। দেশের প্রতিটি জেলা থেকে ৫জন রোভার সদস্য এই ভ্রমন করে ঢাকায় একত্রিত হবেন ।

