জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মাও. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)।
বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫ টায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক ভক্ত-শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে যান। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রথম জানাযা নামাজের পর মরদেহ তাঁর নিজ এলাকা সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামে আনা হবে। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।
দলীয় ও পারিবারিক সুত্র জানায়, সদ্য প্রয়াত আলহাজ মাও. নুরুল ইসলাম রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে প্রথম গঠিত উপজেলা পরিষদে সরিষাবাড়ী থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানের পর ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৎকালীন মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুস সালাম তালকুদারের বিরুদ্ধে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
মাও. নুরুল ইসলামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়ার্দার, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুর কবীর তালুকদার শামীম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান বস্তু জাতীয় সাংবাদিক সংস্থার সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মশিউর রহমান সহ সরিষাবাড়ীতে সকল কর্মরত গণ মাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

