আবু মুসা নাটোর প্রতিনিধিঃআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগে জায়গা দেওয়া যাবে না। এদের সুসময়ে পেলেও দুঃসময়ে পাওয়া যাবে না। আগামী নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে হবে। কামাল হোসেনদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন করতে চাইলে প্রস্তুতি নিন। শনিবার নাটোর জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরবার হত্যার বিষয়ে নাসিম বলেন, খুনিদের গ্রেপ্তার করা হয়েছে। অথচ বিএনপি জামায়াতের সামনে কোনো ইস্যু না থাকায় তারা এটাকে ইস্যু করতে চায়। এদেশে আর কোনো আন্দোলন হবে না। সরকারকে সহযোগিতা করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের এমপির পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্যে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এ ছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য রতœা আহমেদ, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তিসহ কেন্দ্রীয় এবং জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

