
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন আটক
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের মোট পরিমাণ ৩৭ হাজার ৫০০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানকালে কার্গো বোটে থাকা পাঁচজনকে আটক করা হয়। একই সঙ্গে সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা সিমেন্ট ও কার্গো বোটসহ আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও সমুদ্রপথে অবৈধ পণ্য পরিবহন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
