সময় সংবাদ ডেস্ক//
তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে 'বাচালমন্ত্রী' হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
তিনি বলেছেন, সরকারের আরেক মন্ত্রী রয়েছেন, বাচালমন্ত্রী হাছান মাহমুদ, তিনি বলেছেন ডাকসুতে কেন বাহিরাগত নিয়ে ভিপি ঢুকলো? ডাকসুতে ভিপি কাকে নিয়ে ঢুকবে সেটা কী বাচালমন্ত্রী ঠিক করে দেবেন? আমার সংগঠনের নেতাকর্মীরা থাকবে না? এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে, হামলায় সরকারের ইন্ধন ছিল।
ভিপি নুর বলেন, তিনি (হাছান মাহমুদ) কেন এমন কথা বলবেন। যেখানে আক্রান্ত হয়ে ছেলে-পুলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তিনি বলছেন আমি কেন ভারতে বিষয় নিয়ে কথা বলবো, ডাকসুতে কেন বহিরাগত নিয়ে যায়? তিনি তো সরকারের একজন মন্ত্রী। এটা দ্বারা পরোক্ষ নির্দেশ করে যে সরকারের ইন্ধন থাকতে পারে এই হামলায়।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একটি গণমাধ্যমের কাছে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। হাসপাতালের তিন তলার ৩৫ নম্বর কেবিনে চিকিৎসা চলছে আহত নুর ও তার আনুসারীদের।
গো নিউজ২৪

