নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-আদালতের আদেশ অমান্য করায় জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন জয়পুরহাট আদালত।
শনিবার রাতে ঘটনাটি নিশ্চিত করেন জয়পুরহাট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শুনানী শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম,এ, রব হাওলাদার এ আদেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচবিবি উপজেলা গ্রাহক সমিতির নির্বাচনে আদালতের স্থগিতাদেশ থাকার পরও সমিতি কর্তৃপক্ষ আদেশ অমান্য করে ২৬ জানুয়ারী নির্বাচন করে। উক্ত নির্বাচনের ফলাফল ও কার্যকারিতা স্থগিত রাখার জন্য মাসুদ পারভেজ নামে জনৈক ব্যক্তি জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-০১/২০২০। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধায় উক্ত মামলার শুনানী শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম,এ,রব হাওলাদার জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালত আগামী ৬ ফেব্রুয়ারী গ্রেফতারী প্রতিবেদন প্রাপ্তির দিন ধার্য করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন গ্রাহক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম সমিতিতে বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নিতী করে আসছেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে গ্রাহকদের উপর নির্যাতন করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মিটার টেম্পারিংসহ নানা অভিযোগে গ্রাহকদের হয়রানী করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারণে কেউ মুখ খুলতে সাহস পাননা।

