করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা চেয়েছে সরকার। তালিকার পর এসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
এ তালিকার পর অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
তিনি বলেন, কোথাও কোথাও মাঠ পর্যায়ের কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন বলে আমাদের কাছে তথ্য আসছে। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
তবে এই তালিকা পাঠানোর জন্য কোনো সময় বেঁধে দেয়া হয়নি বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে সরকারি ছুটির সময়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন দফতরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই ১১ কর্মকর্তা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কৃষ্ণ মালাকার, উপজেলা সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন-অর-রশিদ, সাব-রেজিস্ট্রার মো. আ. মতিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সত্য রঞ্জন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এ কে এম আসাদ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মো. মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক এমারত হোসেন ও সহকারী হিসাবরক্ষক অসীম বালা।
নাজ/সময়/দেশ

