নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েতে চাপ দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাসুদা নামে এক স্কুলছাত্রী।
মঙ্গলবার সকাল ৮টায় খবর পেয়ে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে রাতের কোনো এক সময় বাড়ির সবার অজান্তে নিজের শয়ন কক্ষে মাসুদা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
মাসুদা নরসিংদী সদর থানার গাজীরগাঁও এলাকার রেজাউল করিমের মেয়ে। ছোটবেলা থেকেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী এলাকায় নানাবাড়িতে থাকতেন। তার নানার নাম আলী হোসেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে এসআই নাছির আহমেদ জানান, মাসুদা ছোট বেলা থেকেই তার নানাবাড়ি বিশ্বনন্দী এলাকায় থাকতেন। পাশপাশি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতেন। কয়েক দিন ধরেই পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছিল। কিন্তু তাতে সে রাজি হচ্ছিল না। তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়।
তিনি আরো জানান, সবার অজান্তে রাতের কোনো এক সময় সে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দেয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সময়/দেশ

