বাংলাদেশকে প্রায় দেড় কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

বাংলাদেশকে প্রায় দেড় কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র




সময় সংবাদ ডেস্কঃ



 মহামারি ভাইরাস করোনা (কোভিড-১৯) মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র মাধ্যমে আরো প্রায় দেড় কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ সহায়তা জীবন-রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম, অক্সিজেন সরবরাহ এবং দেশজুড়ে কোভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, ঐতিহাসিক আমেরিকান রেসকিউ প্ল্যান (আমেরিকান উদ্ধার পরিকল্পনা)-এর মাধ্যমে দেয়া এ বর্ধিত অনুদান বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় আমাদের দেওয়া চলমান সহায়তারই অংশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ। আমেরিকা বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এ বিশেষ চ্যালেঞ্জিং মুহুর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মহামারির শুরু থেকে বাংলাদেশের করোনা মোকাবিলা কার্যক্রমে সহায়তা করতে নতুন এ তহবিলসহ মোট সাড়ে নয় কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের দেয়া করোনা সহায়তার মধ্যে ৫৫ লাখ ডোজ মডার্নার টিকা এবং দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে।


এদিকে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে এরই মধ্যে ২ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং পরবর্তীতে আরো ২ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছে।


এর মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে ন্যায়সঙ্গতভাবে কোভিড-১৯ টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here