সময় সংবাদ ডেস্কঃ
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদালতের আদেশের পর চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়ার জন্য রওনা হয় পুলিশ। তবে প্রিজন ভ্যানে উঠার আগে পরীমনি গাড়িটিকে ‘নাইস গাড়ি’ বলে সম্বোধন করেন।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, সাড়ে ৫টার কিছু পর চিত্রনায়িকা পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয়। জেলকোড অনুযায়ী কারাগারে থাকতে হবে মাদকসহ গ্রেফতারকৃত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে। তিনি যদি কোনো ডিভিশন না পান তাহলে সাধারণ হাজতির মতো কারাগারে থাকতে হবে।
তিনি বলেন, মূলত নারী হাজতিদের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানেই পরীমনিকে রাখা হবে। তবে আদালতের বিশেষ কোনো আদেশ না থাকলে জেলকোড মেনেই তাকে এখানে থাকতে হবে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন নামঞ্জুরের আদেশ দেওয়ার পর পরীমনির আইনজীবী মজিবুর রহমান ডিভিশন বিষয়ে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাবিধি অনুযায়ী ডিভিশন বিষয়ে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। যদি পরীমনি কারাবিধি অনুযায়ী ডিভিশন পান তাহলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর যদি না পান তাহলে অন্য ব্যবস্থা নেবে।
এর আগে, দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে দুপুর পৌনে ১২টার দিকে শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী।
উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে র্যাব।

