জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাস ও মোটরসাইকেলসহ প্রায় ৩২টি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাজল ফলিমারি বিল নামক স্থানে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইলসহ স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ধারালো অস্ত্র ও লাঠিসোঠাসহ ১৫-১৬ সদস্যের একটি ডাকাত দল ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল ফলিমারি বিল নামক স্থানে রাস্তায় ট্রলি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এরপর ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিনটি বাস, অন্তত ১৫টি মোটরসাইকেল, কয়েকটি ট্রাক-পিকআপসহ ৩২টি যানবাহনে গণডাকাতি করে।
এসময় তারা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেযে ডাকাতরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের একটি টিম রয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

