জেলা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলা সদরের বাসিন্দা সুমিত্রা রানী। তার স্থায়ী নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর খামারপাড়া গ্রামে। স্থানীয় একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন তিনি। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ ঘোষণা দেয়- করোনার টিকা নেয়া ছাড়া কেউ স্কুলে চাকরি করতে পারবে না। এতেই দেখা দেয় বিপত্তি।
টিকার জন্য নিবন্ধন করতে গিয়ে সুমিত্রা রানী দেখেন নির্বাচন কমিশনের সার্ভারে তাকে ‘মৃত’ উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না। এমনকি তার চাকরিও এখন যায় যায়।
সুমিত্রা রানী জানান, তার স্বামীর নাম গোপাল চন্দ্র সূত্রধর। সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্থায়ী বাসিন্দা হওয়ায় তার জাতীয় পরিচয়পত্রও সেখান থেকেই নিবন্ধন করা হয়েছে। এরপর স্বামীর চাকরির সুবাদে পাবনার বেড়া উপজেলায় বসবাস শুরু করলে সুমিত্রাও সেখানেই চাকরি করতে থাকেন।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করার সময় নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা ভুল করে সুমিত্রা রানীকে ‘মৃত’ উল্লেখ করেন। এ কারণে ভোটার তালিকা থেকেও তার নাম কাটা পড়েছে। তাদের ভুলের কারণে সুমিত্রা রানী এখন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সুমিত্রা রানী জানান, স্বামী গোপাল চন্দ্র সূত্রধর কাঠমিস্ত্রির কাজ করতেন। উল্লাপাড়ায় কাজ কমে যাওয়ায় গোপাল স্ত্রী-সন্তানদের নিয়ে আট বছর আগে পাবনার বেড়া পৌর এলাকায় চলে আসেন। সেখানে অন্যের জায়গায় ঘর তুলে কোনোরকম দিন কাটছিল তাদের। মাস ছয়েক আগে স্বামী মারা যাওয়ায় অসুস্থ ছেলে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনি নিয়ে বিপদে পড়েন সুমিত্রা। এক পর্যায়ে আয়া পদে চাকরি পান আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে পাওয়া তিন হাজার টাকা বেতনে কোনোরকম দিন চলছে তাদের।
তিনি আরো জানান, আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে করোনার টিকা নেয়া ছাড়া কেউ চাকরি করতে পারবে না। এ জন্য সম্প্রতি সুমিত্রা রানী টিকার নিবন্ধন করতে স্থানীয় একটি দোকানে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন ইসির তথ্যভাণ্ডারে তাকে‘মৃত’ দেখানো হচ্ছে। পরে বেড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়েও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন সুমিত্রা। এরপর কয়েকবার বেড়া ও উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ করেও সমাধান পাননি।
এদিকে করোনার টিকার জন্য নিবন্ধন করতে না পারায় সামান্য বেতনের চাকরিটাও যায় যায় করছে বলে অভিযোগ করেন সুমিত্রা রানী।
আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাকিমুল কবির জানান, সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক টিকা গ্রহণের জন্য বলা হয়েছে। আয়া সুমিত্রা রানীর টিকা নিতে না পারার সমস্যাটি তারা জানেন। এ নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইসির ডেটাবেজে সুমিত্রা রানীকে ‘মৃত’ দেখানো হচ্ছে। ২০১৯ সালে তথ্য হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের ভুলে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, সুমিত্রা রানীকে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কার্যালয়ে ইসি বরাবর ভুল সংশোধনের জন্য একটি আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ামাত্রই তারা সেটি ইসির প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবে। এতে করে ভুলটি দ্রুত সংশোধন হবে।


