সময় সংবাদ ডেস্কঃ
করোনা (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার দুপুরে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সরকার কী চিন্তা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ওনারা আলাপ করছেন, কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন জোরদার করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদেরও দেওয়া যায়, তারপরেও দেখা যাক, এটা শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।’
এ সময় খন্দকাল আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল হলেও পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে না।
করোনার সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে (গত বছরের ১৭ মার্চ থেকে) বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেও এখন পর্যন্ত সম্ভব হয়নি।
তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান যে খুলছে না সেই আভাস সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও দিয়েছিলেন। তিনি জানান, শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। ভ্যাকসিন দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

