জেলা প্রতিনিধিঃঃ
নেত্রকোনার দুর্গাপুরে বেপরোয়া গতির একটি মিনি ড্রাম ট্রাক কেড়ে নিয়েছে ফাহিম নামের পাঁচ বছরের এক শিশুর প্রাণ। বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা ঢাকায় কাজ করেন এবং মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে বিছানায় পড়ে আছেন। তাই শিশু ফাহিম বেশিরভাগ সময়ই বাইরে খেলাধুলা করে এবং বাজারে রাত পর্যন্ত ঘোরাঘুরি করে।
বুধবার রাতেও স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা শেষ করে বাড়ি ফিরছিলো ফাহিম। সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির বালুবাহী একটি মিনি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক ট্রাক চালক। তবে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

