![]() |
| চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন আলহাজ্ব কাউছার |
নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন আলহাজ্ব হাফেজ মোঃ কাউছার। আজ রবিবার(৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মোঃ খলিলুর রহমান,কমিশনার,ঢাকা বিভাগ।
এর আগে গত ২৭ শে সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন এর সচিবলায় থেকে আলহাজ্ব হাফেজ মোঃ কাউছার কে চেয়ারম্যান করে গেজেট প্রকাশ করা হয়।
চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়, গত ২০১৯ সালের (২২অক্টোবর) চরভদ্রাসন উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসা'র মৃত্যু হলে আসনটি শূণ্য হয়। এরপর থেকে ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা উপজেলা পরিষদে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পরে, গত ১০ অক্টোবর-২০২০ সেখানে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।উপনির্বাচনে আলহাজ্ব হাফেজ মোঃ কাউছার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত করে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি-৮৮ অনুসারে উপ-নির্বাচনটি বাতিল ঘোষনা করেন। এরপর চলে আসে করোনার প্রকোপ।
এ ব্যাপারে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফেজ মোঃ কাউছার জানান, “নির্বাচন কমিশনের উক্ত উপনির্বাচন বাতিল ঘোষনার বিপক্ষে আমি হাইকোর্টে মামলা করি। মামলা করলে পরবর্তীতে কোর্ট আমার পক্ষে রায় ঘোষনা করেন এবং সেই রায়ের ভিত্তিতেই গত ২৭ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়।এবং আজ আমি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করি।সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি ”।

