আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে শনিবার দুপুরে পুদিপাড়া বাজারে সোহাগ উদ্দিন (২৫) নামের এক যুবকের ওপর হামলা করে একদল মুখোশধারী। এসময় তারা সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করে।
আহত সোহাগ উদ্দিন পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোটর মহাব্বতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুদিপাড়া বাজারের একটি হোটেল বসে ছিল সোহাগ। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যোগে ৩ অজ্ঞাত মুখোশধারী এসে সোহাগের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর, কুপিয়ে ও পরে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সোহাগকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে সোহাগ নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
