সময় সংবাদ ডেস্কঃ
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৩ ঘণ্টা পর শনিবার রাত সাড়ে ১১টায় কোস্টগার্ডের প্রচেষ্টায় সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছায় চার ট্রলার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, জেলেসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলো ফিরেছে। সব জেলে সুস্থ রয়েছেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যান তারা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ জেলে ফেরত এসেছেন। মিয়ানমারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত এনেছে কোস্টগার্ড।
ট্রলার মালিক মো. আজিম বলেন, সাগরে মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরা নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়। পরে কোস্টগার্ডের প্রচেষ্টায় চারটি ট্রলারসহ জেলেদের ফেরত দেয় মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ফিরে আসাতে পরিবারসহ সবার চিন্তা দূর হয়েছে।
