আন্তর্জাতিক ডেস্কঃ
ফুটবল বিশ্বের বিখ্যাত সংবাদমাধ্যম গোল ডটকম। সম্প্রতি এই সংবাদমাধ্যমের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সমর্থকদের প্রত্যক্ষ ভোটে এবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন লিও।
দীর্ঘ ছয় বছর পর গোল ৫০ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি। সর্বশেষ ২০১৫ সালে বিখ্যাত এই পুরস্কারটি জিতেছিলেন তিনি।
এবার সহ ক্যারিয়ারে মোট পাঁচবার দর্শক ভোটে গোলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। এর আগে ২০০৮, ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে সেরার মুকুট মাথায় তুলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।
এবারের খেতাবটি নিজের করে নিতে লিওনেল মেসিকে বেশ বেগ পেতে হয়েছে। সর্বমোট ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লক্ষ) মানুষের দেওয়া ভোটে ক্রিস্টিয়ানো রোনালদোকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি।
দর্শক ভোটের তুলনায় ৫০.০৯% ভোট পেয়েছেন মেসি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে পড়েছে ৪৯.৯১% ভোট! রোনালদোর থেকে মাত্র ২৪টি ভোট বেশি পেয়ে এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি।
