ভোট ক্রয়ের সময় আটক,মুচলেকা দিয়ে ছাড়া পেলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

ভোট ক্রয়ের সময় আটক,মুচলেকা দিয়ে ছাড়া পেলেন



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ



ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোট ক্রয়ের সময় স্থানীয় জনতার হাতে দুই ভোট ক্রয়কারী আটক হওয়ার ঘটনা ঘটেছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার অজুহাতে রিটার্নিং কর্মকর্তা মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে ওই দুই কর্মী ভোট ক্রয় করছিলেন বলে অভিযোগ। তবে ওই বিদ্রোহী প্রার্থী এটাকে ষড়যন্ত্র বলছেন। 




উপজেলার বানা ইউনিয়নের দীঘলবানা গ্রামের বাসিন্দা রেজাউল মোল্যা জানান, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার বানা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে শরীফ হারুন-অর-রশীদ চশমা প্রতীকে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ'লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। বুধবার বেলা ১১টার দিকে শরীফ হারুন-অর-রশীদের দুই কর্মী ইউনিয়নের দীঘলবানা গ্রামে গিয়ে লিফলেটের মধ্যে পাঁচশ টাকার নোট গুজে দিয়ে ভোট ক্রয় করছিলেন।



 স্থানীয় জনগণ টের পেয়ে ওই দুই কর্মীকে টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। তারা হলেন বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের ফজর মোল্যার ছেলে ওবায়দুর রহমান মোল্যা (৪০) এবং হারুন মোল্যার ছেলে আবু বক্কার মোল্যা (৫৫)। এ সময় ওবায়দুর রহমান মোল্যার নিকট নয় হাজার টাকা পাওয়া যায়। পরে থানায় খবর দিলে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে থানায় নিয়ে যান। পরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ মুচলেকা নিয়ে ওই দুই জনকে ছেড়ে দিয়েছেন। 




এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক বিজয় গাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে জনগণের হাতে আটককৃত দুই জনকে নগদ নয় হাজার টাকাসহ থানায় নিয়ে আসি। পরে উপজেলা নির্বাচন অফিসারকে বিষয়টি জানাই।




আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, তাদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।




বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শরীফ হারুন অর রশিদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। নৌকা মার্কার প্রার্থী পরাজয়ের সুর শুনতে পেয়ে বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও মারধর করছেন।

Post Top Ad

Responsive Ads Here