| নির্বাচন কমিশন ভবন |
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে যানবাহন এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
ইসি সূত্র জানায়, তফসিল অনুযায়ী টাঙ্গাইল-৭ শূন্য আসনে নির্বাচন হবে ১৬ জানুয়ারি। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ১৪ জানুয়ারি মধ্যরাত থেকে ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
অন্যদিকে নৌযান চলাচলের বিষয়ে ইসি জানিয়েছে, এরই মধ্যে এ ধরনের নির্বাচনে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি নৌযান যেমন- লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। একইভাবে উল্লেখিত নির্বাচন উপলক্ষে ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান (ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং জনগণ তথা ভোটারদের চলাচলে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী বা নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী পর্যবেক্ষক ও পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।উল্লেখ্য, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের এমপি একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। গত ৩০ নভেম্বর ঐ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। মনোনয়ন ফরম বাছাই ২০ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
