মাদরাসা ছাত্রীকে যৌননিপীড়ন,অবশেষে ৭জনের বিরুদ্ধে মামলা | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে দাখিল পরীক্ষার্থিনী ছাত্রীকে কুপ্রস্তাব উত্ত্যক্ত ও যৌননিপীড়ন ঘটনায় অবশেষে আকাশ মন্ডলসহ সাত বখাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার কাশিমালা গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলো আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আকাশ মন্ডল (২২), মাহাবুব হোসেনের ছেলে মিদুল (২১), ওয়াহেদ আলীর ছেলে রাকিব (২২), কালাম হোসেনের ছেলে মিলন (২১), সোহাগ প্রামানিকের ছেরে সাকিল (২২) শহিদ প্রমানিকের ছেলে হৃদয় (২০) ও ওয়ায়েশকুরুনীর ছেলে আতিক (২৩)। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বাদীর মেয়ে পাশের রামপুরা ঈদগাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থিনী। সে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিবাদী একই গ্রামের আকাশ মন্ডল দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার বেলা সাড়ে ৯টায় ছাত্রীটি মাদরাসা গেটের সামনে পৌঁছিলে উক্ত আকাশ মন্ডলসহ তার অপর একই গ্রামের সহযোগী ছাত্রীর পথরোধ করার পর কুপ্রস্তাব, উত্ত্যক্ত, টানা হেচরা ও যৌননিপীড়ন করে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে ছাত্রীর চিৎকারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দোলোয়ার হোসেন এগিয়ে আসলে বখাটেরা তাকে মারপিট করার চেষ্টা করে।
সভাপতি ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ছাত্রী তার বাড়ি গেলে বখাটেরা মোবাইল ফোনে মামলা করলে জীবন নাশের হুমকি প্রদান করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।
