![]() |
| ফরিদপুরে রায়হান জামিলের লাঙ্গলের প্রচারণায় ‘লং ম্যান’, কৌতূহলী ভোটাররা |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। অভিনব এই প্রচারণায় ব্যবহার করা হয়েছে ‘লং ম্যান’, যা এলাকায় বেশ আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকের পক্ষে এ ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়। এ সময় মুফতি রায়হান জামিল ও তাঁর সমর্থকদের সঙ্গে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের প্রচারণায় অংশ নেন।
প্রচারণা চলাকালে বাজারে উপস্থিত সাধারণ মানুষ এ অভিনব দৃশ্য দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এতে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে জাপা প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, “আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনী পরিবেশকে আনন্দময় ও উৎসবমুখর করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।”
স্থানীয়দের মতে, এ ধরনের অভিনব প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল শুরু থেকেই শান্তিপূর্ণ ও ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন, যা নির্বাচনী প্রচারণায় আলাদা পরিচিতি তৈরি করেছে।

