ষড়যন্ত্র চলছে, উসকানিতে পা দিয়ে ঝগড়া করা যাবে না: শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৭, ২০২৬

ষড়যন্ত্র চলছে, উসকানিতে পা দিয়ে ঝগড়া করা যাবে না: শামা ওবায়েদ

 

ষড়যন্ত্র চলছে, উসকানিতে পা দিয়ে ঝগড়া করা যাবে না: শামা ওবায়েদ
ষড়যন্ত্র চলছে, উসকানিতে পা দিয়ে ঝগড়া করা যাবে না: শামা ওবায়েদ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইলে তাতে জড়ানো যাবে না; মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়াই হবে বিএনপির কর্মীদের প্রধান দায়িত্ব।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকার মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এর আগে ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা পর্যন্ত ধানের শীষের প্রতিটি ভোট পাহারা দিতে হবে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


ধর্মীয় বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা মুসলমান এবং ইসলাম আমাদের জীবনের প্রতিটি অংশের সঙ্গে জড়িত। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি। তবে জান্নাত বা জাহান্নামের নিশ্চয়তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি সেই নিশ্চয়তা দেওয়ার দাবি করে, তাহলে তা নাফরমানির শামিল। ইসলাম আমরা হৃদয়ে ধারণ করি, বিক্রি করার জন্য নয়।


সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়—এ সম্পর্ক মাটি, হৃদয় ও আত্মার। নির্বাচন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সম্পর্ক থাকবে। ১৭ বছর ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই নির্বাচনে আমাকে একটি সুযোগ দিলে আমি সালথাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।


তিনি আরও বলেন, বিএনপির সাবেক মহাসচিব ও তার পিতা কে এম ওবায়দুর রহমান আজ আর নেই। তিনি সারাজীবন ন্যায় ও সত্যের পথে থেকেছেন, কখনো মিথ্যার সঙ্গে আপোষ করেননি। তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তিনি আদর্শ থেকে সরে যাননি। তার সন্তান হিসেবে আমি আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করছি এবং আজীবন পাশে থাকবো।


বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Post Top Ad

Responsive Ads Here