![]() |
| আলফাডাঙ্গা আদর্শ কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। এক বছরের মধ্যে ভবন নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের পাশাপাশি উন্নত স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক বিদ্যুতায়ন সুবিধা থাকবে। কুষ্টিয়ার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ক্রমবর্ধমান শ্রেণিকক্ষ সংকট নিরসন ও শিক্ষার গুণগত মান উন্নয়নে এই একাডেমিক ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভবনের সফল ও সময়মতো নির্মাণকাজ সম্পন্নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

